শেখ মোঃ আকরাম হোসেন,খোকসা থেকে:
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজারে জামায়াতে ইসলামী ও বিএনপির সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে জামায়াতে ইসলামীর একটি মিছিল মাসলিয়া বাজার এলাকায় পৌঁছালে ওই সময় একই স্থানে বিএনপির সমর্থকদের নির্বাচনী প্রচার কার্যক্রম চলছিল। বিএনপি সমর্থকরা মাইকে ভোট প্রার্থনা করছিলেন।
এ সময় জামায়াতের মিছিলে থাকা কিছু লোক বিএনপির প্রচারে ব্যবহৃত মাইক বন্ধ করে দিতে বলেন। মাইক বন্ধ করা ও ভোট চাওয়ার বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন
সংঘর্ষে আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন।
খবর পেয়ে খোকসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর থেকে মাসলিয়া বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“ঘটনাটি মাইক বন্ধ করা ও নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a Reply