জেলা সংবাদদাতা,কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশুহাট এলাকায় কথিত মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় থাকলেও অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত মাসুদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি একাধিক মাদক মামলার আসামি। এলাকাবাসীর অভিযোগ, এসব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলশিক্ষক বলেন, “বিগত সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি মাদক ব্যবসা পরিচালনা করেছেন। এখনও এলাকায় মাদকের খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে তিনি জড়িত বলে আমরা শুনে আসছি। বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত।”
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ব্যবসা করি, আপনি যা পারেন করেন।” তবে তার বিরুদ্ধে ওঠা মাদক ব্যবসার অভিযোগ সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট উপপরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply