জেলা সংবাদদাতা,কুষ্টিয়া:
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খোকসা পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খোকসা পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ.জেড.জি মুন্সি রশিদ রেজা (বাজু)। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা শরিফ, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ সেলিম হুসাইন, খোকসা পৌর সাবেক ছাত্রনেতা মোঃ রবিন রায়হান জসিম, খোকসা কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির অর্থ সম্পাদক মোঃ সালাউদ্দিন সম্রাটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিন রায়হান জসিম তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয়তাবাদী চেতনাকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply